ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয় হবে।
বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মন্ত্রী। এ সময় আরও শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
জি এম কাদের বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশ শান্তির দিকে এগিয়ে যাবে। বেকারত্বমুক্ত দেশ হবে। দুর্নীতিমুক্ত দেশ হবে। এ দেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’
রাজাকারদের তালিকার বিষয়ে জি এম কাদের বলেন, ‘আমি এখনো তালিকাটি পরীক্ষা করার সুযোগ পাইনি। পরীক্ষা–নিরীক্ষা করার পরে মন্তব্য জানাব। তবে আমাদের প্রত্যাশা, সঠিক তালিকাটি প্রকাশিত হোক। দেশের স্বাধীনতার ক্ষেত্রে কার কী ভূমিকা, তা স্পষ্ট হয়ে উঠবে।’
















