ইসলাম টাইমস ডেস্ক: আজ ১৬ ডিসেম্বর। বিজয়ের ৪৮ বছর পেরিয়ে এবার ৪৯তম বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের এ দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
১৯৭১ সালের এই দিন বিকালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে স্মরণ করবে তাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে রক্তক্ষয়ী লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।
যথাযোগ্য মর্যদায় দিবসটি পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। রাষ্ট্রপতি মো : আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকেও দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।
















