জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের ওপর হামলা, তীব্র নিন্দা জানালেন মাহমুদ মাদানী

ইসলাম টাইমস ডেস্ক: জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের মারধর ও আটককৃতদের মুক্তির দাবিতে দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী।

রোববার গভীর রাতে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে চলমান বিক্ষোভে অংশ নেন তিনি। খবর মিল্লাত টাইমস।

কয়েকশ’ কর্মী বেষ্টিত হয়ে মাওলানা মাদানী বিক্ষোভের দিকে এগিয়ে গেলে গোটা এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠে। সেখানেই সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেন তিনি।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, ‘সাম্প্রদায়িক মানসিকতা থেকে যে নাগরিকত্ব বিল পাস করা হয়েছে, এটি ভারতের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। গোটা দেশ এ বিলকে প্রত্যাখ্যান করেছে। ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রীদের মারধরের আমরা তীব্র নিন্দা জানাই। অবশ্যই বিনা বিচারে এটি ছেড়ে দেয়া হবে না।’

উল্লেখ্য, রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ হয়। এ ঘটনার পর দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়। জামিয়ার বেশ কয়েক জন ছাত্রছাত্রীকে পুলিশ আটক করে নিয়ে যায়।

কিন্তু রোববার বিকালে নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় বিক্ষোভে তারা অংশ নেননি বলে জানিয়েছেন জামিয়ার শিক্ষক-পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতি, ‘ নিউ ফ্রেন্ডস কলোনির বিক্ষোভে জামিয়ার শিক্ষার্থীরা ছিলেন না। আশপাশের মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।’

জামিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, ‘পুলিশ গায়ের জোরে, বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকেছে। আমাদের কর্মী, শিক্ষার্থীদের পেটানো হয়েছে। জোর করে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছে।’

পূর্ববর্তি সংবাদআ.লীগের অনেক রাজাকারের নাম তালিকায় নেই : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদদেশবিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না: তথ্যমন্ত্রী