ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে জুলুলী এলাকা দিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি ঘোষণা, সেখানে কাজ না পাওয়াসহ নানা কারণে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। তবে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।
এরই অংশ হিসাবে জুলুল বিওপির টহল দল সীমান্তের ৫৩/১ এস পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। এদের মধ্যে একজন ভারতীয় নারী রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণার পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে গেল নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের আজকের দিন পর্যন্ত ৩৩৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করলো বিজিবি।
















