ব্যান্ড পার্টি দিয়ে মসজিদ উদ্বোধন আ.লীগ নেতার, মুসল্লিদের নিন্দা (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যান্ড পার্টি দিয়ে নিজ অর্থায়নে নির্মিত জামে মসজিদের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)। মসজিদ উদ্বোধনের সময় ব্যান্ড বাজানোর সমালোচনা করছেন সাধারণ মুসল্লিরা।

গতকাল সোমবার সোনাইমুড়ী উপজেলায় ‘তৌহিদা রহমান উপজেলা পরিষদ জামে মসজিদের’ উদ্বোধন করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

জানা যায়, সকালে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে ব্যান্ড পার্টি আনা হয়। আর দুপুরে মসজিদ উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তৌহিদা-মানিক ট্রাস্টের আওতায় নিজ অর্থায়নে নির্মিত মসজিদটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক) অথিতিদের নিয়ে উদ্বোধন করেন।

এদিকে মসজিদ উদ্বোধনের সময় ব্যান্ড পার্টি থাকায় নানা মহল থেকে সমালোচনা করা হচ্ছে। সাধারণ মুসল্লিরা বলছেন, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর উদ্বোধনে ব্যান্ড পার্টি শোভনীয় নয়।

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান এবং মসজিদ প্রতিষ্ঠাতার ভাই আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছি। তাই ব্যান্ড পার্টি ছিল। মসজিদ উদ্বোধনের জন্য ব্যান্ড পার্টি আনা হয়নি। অনুষ্ঠানের পরে মসজিদ উদ্বোধন করা হয়েছে। এতে কোন ব্যান্ড বাজানো হয়নি।

পূর্ববর্তি সংবাদ‘ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার’
পরবর্তি সংবাদচীনে কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে ১৪ শ্রমিক নিহত