অবশেষে রাজাকারের তালিকা স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক: সমালোচনা, বিতর্ক, দুঃখপ্রকাশ ও সংশোধনের নির্দেশনার পর শেষ পর্যন্ত বিজয় দিবসের আগের দিন প্রকাশিত রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

মন্ত্রী জানান, ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ওই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে।

১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসে। এতে আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি এই তালিকা সংশোধন করে নতুন করে প্রকাশের নির্দেশনা দেন।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই তালিকাটি ১৯৭১ সালে করা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংগ্রহ করেছি মাত্র। এর কোনো কিছু পরিবর্তন করা হয়নি।’

পূর্ববর্তি সংবাদবিজয় দিবসের খাবার খেয়ে জাবির ৮০ জন ছাত্রী অসুস্থ
পরবর্তি সংবাদআফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের ১০ জন নিহত