ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ করছে সারাদেশ। বিশেষ করে জামিয়া মিল্লিয়া ইসলামিয়াতে পুলিশ প্রবেশের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ভারত। সেই রেশ কাটতে না কাটতেই এবার চেন্নাইয়ের মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে ভারতীয় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, জামিয়ার ঘটনা ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার মুখর চেন্নাই। মঙ্গলবার চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। আর সেই বিক্ষোভ থামাতে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে পুলিশ।
তামিলনাড়ুতে অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুনিত্রা কাজাগাম (এআইএডিএমকে) ক্ষমতায় রয়েছে। এই সরকার বিজেপির শরিক। ফলে ভারতজুড়ে যখন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ হচ্ছে তখন ভাবা হচ্ছিল চেন্নাই বা গোটা তামিলনাড়ু থেকে হয়তো কোনো বিক্ষোভ দেখা যাবে না।
কিন্তু এ দিন সকাল থেকেই তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে থাকে। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চালাচ্ছিল শিক্ষার্থীরা। মূলত জামিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের নিন্দা জানিয়েই এই প্রতিবাদ হচ্ছিল। কিন্তু জামিয়া কাণ্ডের পরও এদিন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে পুলিশ।
শুধু চেন্নাই নয়, মঙ্গলবার আবারও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দিল্লি। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে হাজার হাজার বিক্ষোভকারী। জবাবে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়েছে।
















