ইসলাম টাইমস ডেস্ক : দারুল উলুম নদওয়াতুল উলামার ছুটি ঘোষণার পর এবার দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে ছুটিতে পাঠাতে চাপ সৃষ্টি করছে বিজেপি সরকার। দেওবন্দ মাদরাসার আশপাশে ও দেওবন্দ এলাকায় শক্ত অবস্থান গ্রহণ করেছে প্রশাসন এবং মাদরাসা কর্তৃপক্ষকে বলেছে অন্তত ১৫ দিনের জন্য যাতে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। খবর জাগরণ হিন্দি’র।
জানা যায়, গতকাল মঙ্গলবার দারুল উলুম দেওবন্দের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে সাহারানপুর জেলা প্রশাসন। বৈঠকে তারা দেওবন্দ কর্তৃপক্ষকে অন্তত ১৫ দিনের জন্য মাদরাসা বন্ধ ঘোষণা করার তাগিদ দেয়।
বৈঠকে মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাসিম নোমানী ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।সরকারি কর্মকর্তাদের মধ্যে কমিশনার সঞ্জয় কুমার, ডিআইজি উপেন্দ্র আগরওয়াল, ডিএম অলোক পান্ডে এবং এসএসপি দীনেশ কুমার পি উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রদের শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন দারুল উলুমের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা আরশাদ মাদনাী। গতকাল দুপুর দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে শিক্ষার্থীদের সঙ্গে এক মজলিসে তিনি এ আহ্বান জানান।
প্রসঙ্গত, আলিগড়ের এএমইউ ও দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের পর থেকে সারাদেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ছে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সাহারানপুর জেলা প্রশাসন কোনও ‘ঝুঁকি’ নিতে চায় না বলে তারা মাদরাসা বন্ধ করার তাগিদ দিচ্ছে।
















