বিজয় দিবসের খাবার খেয়ে জাবির ৮০ জন ছাত্রী অসুস্থ

ইসলাম টাইমস ডেস্ক: বিজয় দিবসের বিশেষ খাবার (ফিস্ট) খেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের অন্তত ৮০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তারা সকলেই বেগম সুফিয়া কামাল হলের ছাত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মাহবুবা জান্নাত ছাত্রীদের হলে গিয়ে ৩১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে হল প্রশাসনের সরবরাহ করা খাবার খাওয়ার পর থেকেই ৮০ জন ছাত্রী পেটের সমস্যায় ভূগছেন। মঙ্গলবার সকাল থেকে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। পরে হল প্রশাসনকে বিষয়টি জানানো হলে সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক সংশ্লিষ্ট হলে যান।

অসুস্থ এক ছাত্রী বলেন, ‘রাতে হলে খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়। আমার তিনজন রুমমেটের অবস্থাও এক। তাতেই আমরা নিশ্চিত রাতের খাবারে সমস্যা ছিল। হল প্রশাসনের গাফিলতির কারণে এমনটা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মাহবুবা জান্নাত বলেন, ‘ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে সংশ্লিষ্ট হলে গিয়েছিলাম। সেখানে ৩১ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু অনেক ছাত্রী একসাথে অসুস্থ হয়েছে তাই প্রাথমিকভাবে ধারণা করছি, খাবারের কারণেই এ সমস্যা হয়েছে।’

এ বিষয়ে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘বিজয় দিবসের খাবারের মধ্যে মাংস রান্নায় সমস্যা হতে পারে বলে ধারণা করছি। বিষয়টি দুঃখজনক । আমরা অব্যবস্থাপনা বলবো না, কারণ এর আগে এরকম হয়নি। তবে কি ঘটেছে, কেন ঘটেছে তা জানতে হল প্রশাসনের সভা আহ্বান করেছি।’

পূর্ববর্তি সংবাদউগ্রবাদী ইহুদিদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করুন: ফিলিস্তিন
পরবর্তি সংবাদঅবশেষে রাজাকারের তালিকা স্থগিত