যাচাই-বাছাই ছাড়াই তালিকাটি প্রকাশ করেছিলাম : মুক্তিযুদ্ধ মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: নানান বিতর্কের মুখে রাজাকারের তালিকা স্থগিত হয়েছে। বিতর্কের কারণ হিসাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  জানিয়েছেন, ‘আমরা যাচাই-বাছাই ছাড়াই তালিকাটি প্রকাশ করেছিলাম। সেখানে যেহেতু ভুল ধরা পড়েছে, সেজন্য এটি প্রত্যাহার করা হলো।’।

বিজয় দিবসের আগের দিন রোববার (১৫ ডিসেম্বর) ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে অভিযোগ ওঠে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুসহ রাজশাহীর আরও দুই ব্যক্তির নাম রয়েছে ওই তালিকায়, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের ছিলেন বলে প্রমাণ রয়েছে। এ নিয়ে সারাদেশে সমালোচনা শুরু হয়।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা রাজাকারের তালিকাটি প্রত্যাহার করেছি। আগামী বছরের ২৬ মার্চ আমরা পরিপূর্ণ তালিকা প্রকাশের জন্য কাজ করব। তালিকা প্রকাশের ক্ষেত্রে যেসব এলাকা বাদ গেছে, সেসব এলাকা বিবেচনায় নেয়া হবে। প্রকাশিত তালিকাটি আংশিক ছিল।’

তিনি বলেন, ‘কোন পরিস্থিতিতে রাজাকারের তালিকাটি যাচাই-ছাড়াই প্রকাশ করতে হলো’-জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘যারা এটা রেখে গেছে, তারা হয়তো সঠিকটাই রেখে গেছে-এই আত্মবিশ্বাসে। মাঝখানে যে অন্যরা ক্ষমতায় ছিল, এর মধ্যে যে টেম্পারিং হতে পারে, এটা আমাদের বিবেচনায় ছিল না। এটা আমাদের নির্বুদ্ধিতা। বোকামি হলো এটা যে, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা যে ম্যানুপুলেট করতে পারে, টেম্পারিং করতে পারে, সেটা বিবেচনায় নেইনি বলেই আমাদের এই হোঁচট খেতে হয়েছে।’

 

পূর্ববর্তি সংবাদভিপি নুরের উপর হামলার পর এবার মামলা দিল মুক্তিযুদ্ধ মঞ্চ
পরবর্তি সংবাদসংগ্রাম সম্পাদক আবুল আসাদ কারাগারে