ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাঁতি এলাকার পুরাতন একটি ব্রিজের পাটাতন ভেঙে দেবে যাওয়ায় এ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ৯ জেলার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ কারণে উত্তরাঞ্চলের ৯ জেলা বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার মধ্যে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে চলাচলকারী যাত্রীরা।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক জানান, নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ভূইয়াগাঁতি ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ মহাসড়কে চলাচলকৃত যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করছি ভোরের মধ্যে বিকল্প সড়কটি নির্মাণ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ৪/৫ দিন আগে পুরাতন ব্রিজটির পাটাতন ৫/৬ ইঞ্চি দেবে গিয়েছিল। ওই অবস্থাতেই যানবাহন চলাচল অব্যাহত ছিল। কিন্ত আজ ভোরে ব্রিজটির একটি পাটাতন ২/৩ ফুট দেবে যায়। ওই অবস্থায় দিনভর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হলেও সন্ধ্যার পর ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
















