ভাড়া নিয়ে তর্ক, ঈশ্বরদীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: বাসের মধ্যে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় পাবনার ঈশ্বরদীতে লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে মো. সুমন হোসেন (৩৪) নামে যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশীর ঝাউতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

নিহতের পরিবার জানায়, সুমন মেহেরপুর থেকে সনি পরিবহনের বাসে ঈশ্বরদীতে আসছিলেন। বাসের মধ্যে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে সুমনের প্রচণ্ড বাগবিতণ্ডা হয়। পথে সুমন বাস থেকে নেমে যেতে চাইলেও চালকের সহকারীরা তাকে নামতে দেইনি এবং বাসের মধ্যে তাকে মারধর করে বলে সুমন মোবাইলে বাড়িতে জানান।

রাত ৯টার দিকে বাসটি লালন শাহ সেতু পার হয়ে টোল প্লাজার কাছে এসে গতি কিছুটা কমিয়ে দেয়। এ সময় বাসের কন্ডাক্টর জোরপূর্বক চলন্ত বাস থেকে সুমনকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সুমন ওই বাসের নিচেই চাপা পড়েন।

নিহত সুমনের চাচাতো ভাই লিটন জানান, সুমনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত সাড়ে ১১টায় সুমনের মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলের পাশের ভবনের সিসি টিভির ফুটেজ দেখে বাসটি শনাক্ত করা গেছে। বাসটিসহ অভিযুক্তদের ধরতে আইনশৃঙ্খখলা বাহিনী মাঠে নেমেছে।

পূর্ববর্তি সংবাদজেঁকে বসেছে শীত, রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৮ নারী
পরবর্তি সংবাদবিতর্কিত আইনের প্রতিবাদ, মুসলমানদের দায়ী করছে বিজেপি