ইসলাম টাইমস ডেস্ক: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩।
ফজলে হাসান আবেদের পরিবার ও ব্র্যাক সূত্র জানায়, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার লাশ ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে। এরপরই সেখানেই তার জানাজা সম্পন্ন হবে। এ দিন রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। লন্ডনে হিসাব বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করেছেন। ১৯৭২ সালে ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তিনি ২০০১ সাল পর্যন্ত এ সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ ছেড়ে চেয়ারপারসন হন। কয়েক মাস আগে চেয়ারপারসনের পদ ছেড়ে অবসরে যান।
















