আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সম্মলেনে গণতন্ত্রে উত্তরণ ও দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের কোনও দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাদের জাতীয় কাউন্সিলকে ঘিরে জাতির প্রত্যাশা ছিল গণতন্ত্র মুক্তির একটা পথ হয়ত দেখা যাবে। কিন্তু তারা সেই পথ দেখাতে পারেনি।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির কাউন্সিল নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা বৈরী ও প্রতিকূল অবস্থার মধ্যে রাজনীতি করছি। রাজনীতির জন্য যে স্পেস দরকার, আমরা এখানে তা পাচ্ছি না। ফলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। বেশিরভাগ জায়গায় আমাদের কাউন্সিল করতে দেওয়া হয় না। বিশেষ করে জেলা ও উপজেলাগুলোতে কাউন্সিল করতে দেওয়া হয় না। এরমধ্যেও আমরা কাজ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে গুছিয়ে আনা হচ্ছে। যত দ্রুত সম্ভব এটা শেষ করবো। এরমধ্যেই আমরা কাউন্সিল করার চেষ্টা করবো।’

বিএনপি মহাসচিব বলেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ প্রায় এক দশক ধরে কাজ করছে। তারা সংবিধানকে পুরোপুরি উপেক্ষা করে গণতন্ত্রহীন একটা অবস্থা তৈরির চেষ্টা করছে। তাদের সম্মেলনেও সেই কথাগুলোই সামনে এসেছে। ফলে জাতি সম্পূর্ণভাবে হতাশ হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে মিল্কব্যাংক প্রতিষ্ঠা : যা বললেন দুই বিশিষ্ট আলেম
পরবর্তি সংবাদনাগরিকত্ব বিল নিয়ে মাহাথিরের নিন্দা জানানোর ঘটনায় ভারতের ক্ষোভ