আহত নুরকে দেখতে হাসপাতালে ডাকসুর সাবেক নেতারা

ইসলাম টাইমস ডেস্ক: হামলার শিকার হয়ে আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডাকসুর সাবেক নেতারা। সাবেক ভিপি আমানউল্লাহ আমান, সাবেক জিএস খাইরুল কবির খোকন ও সাবেক এজিএস নাজিমুদ্দিন আলমসহ ডাকসুর সাবেক আরও অনেক নেতা নুরকে দেখতে ঢাকা মেডিকেলে যান।

আহত নুরকে দেখে এসে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, ডাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আজকে ডাকসুর ভিপির উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আরেকটি সংগ্রাম, আরেকটি আন্দোলন, আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করি।

আজ রোববার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমান বলেন, নুরের উপর আক্রমণ মানে যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের উপর আক্রমণ, ছাত্রসমাজের উপর আক্রমণ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের উপর আক্রমণ।

ঘটনার প্রায় ৪৫ মিনিট পর নুরসহ আহত ছাত্রদের ডাকসু ভবন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী।

 

পূর্ববর্তি সংবাদতুরস্কের জাহাজ আটক করেছে লিবিয়ার হাফতার বাহিনী
পরবর্তি সংবাদমুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত তুহিন ফারাবির অবস্থা সংকটাপন্ন