ইসলাম টাইমস ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পর এবার হামলার শিকার আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এসময় তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে যান তারা।
জানা যায়, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছোড়েন। এতে নুরসহ বেশ কয়েকজন রক্তাক্ত হন।
উল্লেখ্য, রবিবার বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
















