ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভার নির্বাচনে বুথ ফেরত জরিপগুলোর প্রতিটিতেই বলা হচ্ছিল, এ রাজ্যে এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতা হারাতে যাচ্ছে। ভোটের ফলাফল ঘোষণা শুরুর পর থেকে এখনো পর্যন্ত বুথ ফেরত জরিপই সত্যি হতে চলেছে।
পাঁচ দফায় ভোট শেষ হয়ে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ফল ঘোষণা শুরু হয়।
এনডিটিভিতে দেওয়া ফলাফলে দেখা যাচ্ছে, এ রাজ্য বিধানসভার মোট আসন ৮১ আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ আসনে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তিমোর্চা ও কংগ্রেস জোট। অন্যদিকে বিজেপি পেয়েছে ৩৩টি আসন। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) তিন আসন এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চা জয় পেয়েছে তিন আসনে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রতিটি দল এখনো চুপচাপ। ফলাফলের এই প্রবণতা থাকলে ঝুলন্ত অবস্থার সৃষ্টি হবে। বিজেপির মনে সংশয়টা জাগিয়েছে শেষ দফার ভোটের পর রাজ্যের বুথ ফেরত সমীক্ষার ফল। তিনটি সংস্থার সমীক্ষার ফলেই এগিয়ে রয়েছে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-রাষ্ট্রীয় জনতা দলের জোট।
পাঁচ বছর আগের মতো বিজেপি এবারও একক বৃহত্তম দল থাকছে। কিন্তু এবার বিজেপি জোট করেনি। তারা একাকী ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।
এদিকে ঝাড়খন্ডের এই ভোট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নতুন বছরের শুরুতে দিল্লির ভোটের কারণে। ঝাড়খন্ড ধরে রাখতে পারলে দিল্লি জয়ে বিজেপি নতুন তাগিদ পাবে। কিন্তু তা না হলে দিল্লির নেতাদের মনে হতাশা বাসা বাঁধতে পারে।
















