ইসলাম টাইমস ডেস্ক: ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক সম্প্রতি পাস হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইন ও বাবরি মসজিদ মামলার রায়ে নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
গতকাল রোববার সৌদি আরবের জেদ্দা থেকে ওআইসির এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর মাধ্যমে ভারত সরকার মুসলিমদের স্বার্থহানি করেছে বলেও অভিযোগ তুলেছে সংস্থাটি। খবর আনাদলু ও ডনের।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরীতে ভারতের এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
ওআইসি গভীরভাবে ভারতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করা ও তাদের পবিত্র স্থানগুলো সংরক্ষণ করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।
















