ইসলাম টাইমস ডেস্ক: ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। পেঁয়াজের দাম বৃদ্ধিতে এমনিতেই বিপর্যস্ত ভারতের ক্রেতারা। তুরস্ক পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এ কারণে পেঁয়াজ কিনতে গিয়ে আবারও বিপর্যস্ত হতে হবে ভারতের ক্রেতাদের।
মহারাষ্ট্রের পেঁয়াজ বাজারের পাইকারি এজেন্টদের একাংশ জানিয়েছেন, তুরস্কেও পেঁয়াজের দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে আঙ্কারা। তুরস্কের এই সিদ্ধান্তের ফলে ভারতে পেঁয়াজের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ বার পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।
















