ইসলাম টাইমস ডেস্ক: দেশে একটিও ডিটেনশন ক্যাম্প নেই বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা দাবিকে মিথ্যা প্রমাণ করলেন দেশটির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
আজ বৃহস্পতিবার এক টুইটে আসামের মাটিয়া এলাকায় একটি ডিটেনশন ক্যাম্পের ভিডিও আপলোড করে তিনি লেখেন ‘আরএসএস’এর প্রধানমন্ত্রী ‘ভারত মাতাকে’ মিথ্যা কথা বলছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে এক সভা থেকে দেশে একটিও ডিটেনশন ক্যাম্প নেই বলে দাবি করেন মোদি। কংগ্রেসসহ বিরোধীদের নিশানা করে মোদি বলেছিলেন, ‘কংগ্রেস ও তার বন্ধুরা এবং শহরের শিক্ষিত নকশালরা গুজব ছড়াচ্ছে যে সকল মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে…। মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে বলে যে খবর রটানো হচ্ছে তাও ভুয়া। আমি পরিষ্কার করে বলতে চাই যে গোটা দেশে কোথাও একটি ডিটেনশন ক্যাম্প নেই।’
এরপরই রাহুলের এই টুইট। আসামে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে-তার ছবিসহ কয়েক মাস আগে ভারতের প্রথম সারির পত্রিকাতে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে সরকারি সূত্রে খবর এনআরসি’এর এই ডিটেনশন ক্যাম্পের কোন সম্পর্ক নেই। বিদেশি আইন ও পাসপোর্ট আইন লঙ্ঘন করার অভিযোগে বিদেশি নাগরিকদের ওই ডিটেনশন ক্যাম্পে আটক রাখা হবে। পরে আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
















