ইসলাম টাইমস ডেস্ক: মারধরের শিকার ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে। হত্যাচেষ্টাসহ কয়েকটি অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে মামলাটি দায়ের করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ডাকসু ভবনে অনধিকার প্রবেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হত্যাচেষ্টা ও মালামাল চুরিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলায় বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানান, নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ডিএম সাব্বির হোসেন।
এদিকে গত মঙ্গলবার ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের রক্তাক্ত করার ঘটনায় গ্রেফতার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
















