ইসলাম টাইমস ডেস্ক: রাজাকারের তালিকা সঠিকভাবে অচিরেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যে তালিকা পেয়েছিলাম, সেটি না দেখেই প্রকাশ করেছি। এটিই ছিল আমার ভুল। এর জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এই ভুল হতো না।
আ ক ম মোজাম্মেল হক বলেন: প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই নিজেদের করা সংশোধিত তালিকায় তা প্রকাশ করা হবে।
















