আগুন নিয়ে খেলবেন না: বিজেপিকে মমতা হুশিয়ারি

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিদ্বেষী আইন ও নাগরিকপঞ্জি নিয়ে এখনো উত্তাল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবারও কেন্দ্রীয় সরকারের এই দুটি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সেখানকার জনগণ। তাতে যোগ দিয়ে শাসক দল বিজেপিকে হুশিয়ারি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুসলিম বিদ্বেষী আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গে সমাবেশ হয়েছে। ওই সমাবেশে বিজেপির কঠোর সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

জনসভা থেকে বিজেপির উদ্দেশে মমতা ব্যানার্জী বলেন, যতক্ষণ না দেশ থেকে নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি বিলোপ করা হবে, ততক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আগুন নিয়ে খেলবেন না। কোনোভাবেই আমাদের থামানো যাবে না। বিজেপি কথা দিয়ে কথা রাখে না। ছাত্ররা প্রাপ্তবয়স্ক, ভোটার। ওরা আন্দোলন করলে ক্ষতি কোথায়?

এ সময় আন্দোলনের জন্য সবাইকে এক করতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর জোর দিতেও পরামর্শ দেন মমতা। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী ক্ষমতাসীন বিজেপিকে ওয়াশিং মেশিন হিসেবে আখ্যা দেন। তিনি বলেন- অন্য পার্টির দাগীদের ওরা দলে নেয়, তারপর ধুয়ে-মুছে সাদা করে সামনে আনে। বিজেপিতে গেলেই সব দাগ মুছে যায়।

মমতা ব্যানার্জী আরও বলেন, আমরা কোনো দলকে আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। বিজেপি  বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন দমাতে চেষ্টা করছে। সতর্ক থাকুন, সেই ফাঁদে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস বিভেদ নয়, ভালোবাসার রাজনীতি করে। তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের আন্দোলনে নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবে। শিগগিরই ওই রাজ্যে দলের প্রতিনিধিরা যাবেন।

পূর্ববর্তি সংবাদকাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯
পরবর্তি সংবাদখাগড়াছড়িতে মাদরাসায় আগুন, নামাজে থাকায় বেঁচে গেল ৫০ এতিম শিক্ষার্থী