শুরু হচ্ছে আরেক দফা শৈত্যপ্রবাহ

ইসলাম টাইমস ডেস্ক : শনিবার শুরু হচ্ছে আরেক দফা শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে পড়ছে মাঝারি থেকে ঘন কুয়াশা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

মাঝরাত থেকে রোববার সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। যা চলবে কমপক্ষে তিন থেকে পাঁচদিন।

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিকাল থেকেই হয় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা হ্রাসের কারণে শীত লাগাটাই স্বাভাবিক। কিন্তু শীতের অনুভূতির সঙ্গে আরও কিছু বিষয় জড়িত। রংপুর বাদে আর সব বিভাগেই শুক্রবার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল শীতল বায়ুর প্রবাহ।

এছাড়া উচ্চচাপ বলয়ের প্রভাব এবং মৌসুমি লঘুচাপ শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। ১৭ ডিসেম্বর থেকে এ পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনে বৃষ্টি হলেও সূর্যের মুখ দেখা গেছে বিভিন্ন এলাকায়। ফলে উষ্ণ হওয়ার সুযোগ পেয়েছে ধরণী। দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১০ মিলিমিটার।

 

পূর্ববর্তি সংবাদচাঁদ দেখা যায়নি, রোববার থেকে শুরু জুমাদাল উলা
পরবর্তি সংবাদউদ্বোধনের আগেই ‘সোনার তরী’ বিকল