ইসলাম টাইমস ডেস্ক : ১৭ মার্চ শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বর্ষ-ব্যাপী উৎসব। অনুষ্ঠানে অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
সূত্রের খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং তাঁর পরিবারকেও। তালিকায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, লালকৃষ্ণ আডবাণী, সীতারাম ইয়েচুরিরাও।
জানা যায়, মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত আওয়ামি লিগের প্রবীণেরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ তৈরি করছেন মোদীর সফরকে নিয়ে। তাঁদের বক্তব্যের নির্যাস, ইন্দিরা গাঁধী ও তাঁর পরিবারের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অচ্ছেদ্য সম্পর্ক। মোদী ঢাকায় এসে গাঁধী পরিবারকে রাজনৈতিক ভাবে আক্রমণ করলে বা কংগ্রেস নেতৃত্বের কড়া সমালোচনা করলে অনুষ্ঠানের সুর কেটে যেতে পারে।
অবশ্য এনআরসি এবং সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকে বার বার একসূত্রে গাঁথা, অমিত শাহের ‘উইপোকা’ মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের জনগণ খুব মর্মাহত এবং ক্ষুব্ধ। এ নিয়ে রাজনীতিকরা দুশ্চিন্তাগ্রস্ত আছেন বলেও জানা গেছে।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা
















