ইসলাম টাইমস ডেস্ক: দেশজুড়ে আগুন লাগার ঘটনা এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। এবছর বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে ২ হাজার ১৩৮ যা গত দশ বছরের আগুনে পুড়ে মৃতের সংখ্যার দ্বিগুণ। ২০০৯-২০১৮ সাল পর্যন্ত ১০ বছরে সারাদেশে আগুনের ঘটনায় মারা গেছে মোট একহাজার ৪৯০ জন। অর্থাৎ চলতি বছরে আগুনে মৃতের সংখ্যা গত ১০ বছরের দ্বিগুণ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
এ বছর রাজধানীসহ সারাদেশে ভয়াবহ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চুড়িহাট্টা, বনানীর এফ আর টাওয়ার, কেরাণিগঞ্জের প্লাস্টিক কারখানা, এবং গাজীপুরের প্যান ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনায় অনেক হতাহত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আগুনের ঘটনা এভাবে বাড়ার পরও জনসচেতনতা বাড়েনি। সরকারের বিভিন্ন সংস্থা, যেমন—ফায়ার সার্ভিস, রাজউক, সিটি করপোরেশন আবাসিক-বাণিজ্যিক ভবনসহ কল-কারখানাগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে সঠিক নজরদারি করতে পারছে না, বা করছে না। আর এ কারণে ভয়াবহ আগুনের ঘটনা ও প্রাণহানি বেড়েই চলছে।
জানা গেছে, দেশের বহুতল ভবন ও কল-কারখানাসহ বাণিজ্যিক ভবনগুলোর প্রায় ৯০ ভাগেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বেশির ভাগ ভবন পুরনো, তাই বর্তমানে সেগুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংযোজন করাও কঠিন। তাছাড়া অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলেও আগুনের ঘটনা বাড়ছে।
















