ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় মুসলমানদের রক্ষায় মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। রবিবার ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) এই আহ্বান জানায় তারা। খবর আনাদুলো এজেন্সি-র।
খবরে বলা হয়েছে, ভারতীয় মুসলমানদের রক্ষায় ওআইসিতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। এ সময় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একত্রিত করতে ওআইসির প্রতি আহ্বান জানান তিনি।
শাহ মাহমুদ কোরেশি বলেন, ‘আমরা আশা করছি, ওআইসি তার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক ডাকবে। ওই বৈঠকে সবাই ভারতীয় মুসলমানদের জন্য আওয়াজ তুলবে।’
কোরেশি আরও বলেন, ‘নাগরিকত্ব আইনের মাধ্যমে হিন্দু শ্রেষ্ঠত্ববাদ নীতি গ্রহণ করছে ভারত। বিতর্কিত এই আইনের বিরুদ্ধে শিক্ষিত অনেক হিন্দুও আন্দোলন করছে।’
কাশ্মীর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘গত ৫ মাস ধরে কারফিউ জারির মাধ্যমে কাশ্মীরের জনগণকে উন্মুক্ত কারাগারে রেখেছে ভারত সরকার। কিন্তু সারা ভারতকে তো আর কারফিউয়ে রাখা যাবে না। ভারতের আসল চরিত্র দেখছে বিশ্ব।’
















