ঋণের টাকায় দেশ চলছে

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ছয় মাস না যেতেই এই অর্থবছরের পুরো টাকাটাই নিয়ে ফেলেছে সরকার। এতে উদ্বেগ দেখা দিয়েছে ব্যাংক খাতের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যেও। তবে অর্থনীতিবিদরা বলছেন, নতুন বছরে এই সংকট আরও ঘনীভূত হবে। তাদের মতে, সামনের দিনগুলোতে আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগতে যাচ্ছে। ব্যাংকের টাকা উৎপাদনশীল খাতের চেয়ে অনুৎপাদনশীল খাতে বেশি যাচ্ছে।

প্রধান আর্থিক জোগানদাতা রাজস্ব খাত থেকে কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ পাচ্ছে না সরকার। আবার দেশের বাইরে থেকেও আগের মতো ঋণ পাওয়া যাচ্ছে না। অথচ সরকারের খরচ দিনে দিনে বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে সরকারকে। এই ঋণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনও দিতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এমএ তসলিম বলেন, ‘সরকার রাজস্ব খাত থেকে কাঙ্ক্ষিত হারে টাকা পাচ্ছে না। আবার বিদেশ থেকেও আগের মতো ঋণ আসছে না। ফলে সরকার বাধ্য হয়েই ব্যাংক খাতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’
এ প্রসঙ্গে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ’ এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সরকার যেভাবে ঋণ নিচ্ছে তাতে বেসরকারি খাত কিছুটা বাধাগ্রস্ত তো হবেই। চলমান প্রবণতা দেখে মনে হচ্ছে, আগামীতে সরকারের ঋণের পরিমাণ আরও বাড়বে।’ এতে ব্যাংক খাতে কিছুটা প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি।

পূর্ববর্তি সংবাদপ্রস্তুত ইজতেমার ময়দান, পুলিশের ৮ স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা
পরবর্তি সংবাদসাঈদ খোকনকে যে সব কারণে মনোনয়ন দেয়া হয়নি