ইসলাম টাইমস ডেস্ক : সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে আসা এক ট্রাক মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁশকল এলাকার বিজিবির চেকপোস্ট থেকে ট্রাকটি আটক করা হয়। রাত ৮টার দিকে মাছ ভর্তি ট্রাকটি সদর থানায় হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ।
এক মাছের নাম করে দেশি প্রজাতির অন্য মাছ আমদানি করার কারণেই মাছগুলো আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ভারত থেকে দেশীয় প্রজাতির মাছ আমদানি নিষিদ্ধ। তবে আমদানিকারক ভারত থেকে বিপুল পরিমাণ দেশীয় প্রজাতির মাছ আমদানি করার অভিযোগে ট্রাকটি আটক করে সদর থানায় দেয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
















