ইসলাম টাইমস ডেস্ক: রোগশয্যায় থেকে বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী রহ.-এর ইনতিকালে শোকবার্তা পাঠিয়েছেন দেশের অপর বিশিষ্ট আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ। সম্প্রতি দীর্ঘ দুইমাস থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকে দেশে ফিরেছেন। আল্লামা আনোয়ার শাহ মরহুম আল্লামা আশরাফ আলী সাহেবের ছাত্র।
শোকবার্তায় আল্লামা আনোয়ার শাহ বলেন, উস্তাযে মুহতারাম শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ. রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে শোকাহত করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজজিউন! তিনি আমার মুহতারাম উস্তায। আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জে যখন তিনি শিক্ষকতা করতেন তখন আমি তাঁর কাছে পড়েছি। তিনি আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ -এর মজলিসে শুরার সভাপতিও ছিলেন। মরহুম ছিলেন জাতির দূরদর্শী, চিন্তাশীল এক অভিভাবক, উলামায়ে কেরাম ও দ্বীনদরদী মুসলিম সমাজের একজন মুরুব্বী। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি এবং আল হাইআতুল উলইয়ার কো চেয়ারম্যান সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শায়খুল হাদীস ও মুরুব্বী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিয়োগে জাতি একজন অভিভাবক হারিয়েছে, আমরা মুরুব্বী শূণ্য হয়েছি।
আমি ব্যংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় মোবাইলে ভিডিও কলের মাধ্যমে হুযূরের সাথে যোগাযোগ হয়েছিল। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি। আল্লাহ তা’আলা মরহুমকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমীন।
পরিশেষে আমি দেশবাসীর কাছে আমার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
















