ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় আটক করা নেতাদের মধ্যে পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়নি।
টাইমস অব ইন্ডিয়া-র খবরে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস কারাবন্দি থাকার পর সোমবার (৩০ ডিসেম্বর) মুক্তি পান তারা।
মুক্তি পাওয়া এই পাঁচ নেতা হলেন- ইশফাক জব্বার, বশির মীর, গোলাম নবী ভাট, জহুর মীর ও ইয়াসির রেশি। তবে এখনো কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হয়নি।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সাবেক তিন মুখ্যমন্ত্রীর মুক্তির ব্যাপারে এখনো কোনো তারিখ নির্ধারণ করেনি প্রশাসন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তবেই তাদের মুক্তি দেওয়া হবে।
উল্লেখ, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করে ভারত সরকার। এ সময় সকল ধরনের বিক্ষোভ ঠেকাতে কাশ্মীরে কারফিউ জারি করে প্রশাসন। পাশাপাশি মোতায়েন করা হয় বিপুলসংখ্যক সেনাসদস্য। আর ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে আটক করা হয় নেতাদের।
















