ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, বেফাকুল মাদারিসের সিনিয়র সহ-সভাপতি, হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশে র বরেণ্য অনেক আলেমে দ্বীন।
সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় হেফাজতে ইসলামের মহাসচিব এবং মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার সহকারী পরিচালক আল্লামা বাবুনগরী বলেন, আশরাফ আলী রহ. ইলমে হাদীস ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে জীবনের শেষ পর্যন্ত হাদীসের মসনদে বসে ইলমপীপাসু তালেবে ইলমদের মাঝে হাদীসে নববীর দরস দিয়েছেন।একাধারে কয়েকটি মাদরাসার শাইখুল হাদীস ছিলেন তিনি। মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং তাঁর পরিবার, অগণিত ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ী সকলকে সবরে-জামিলের তাওফীক দান করুন, আমিন।
মজলিসে দাওয়াতুল হকের আমির, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বলেন, ‘আল্লামা আশরাফ আলী বহু গুণে গুণান্বিত ছিলেন। আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তার ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।’
চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শোকবার্তায় বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীনি শিক্ষার প্রচার ও প্রসারে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। একই সাথে মরহুম আল্লামা আশরাফ আলী রহ. দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামেও নিবেদিতপ্রাণ ছিলেন। মরহুমের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমেদ্বীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।
জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা সোলাইমান নোমানী এক শোকবার্তায় বলেন, আল্লামা আশরাফ আলী রহঃ ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তার ইনতিকালে আমরা আরেকজন মুরব্বীহারা হয়ে গেলাম। আমরা তার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও আরও অনেক বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা আশরাফ আলী রহ.-এর ইনতিকালে সংবাদমাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন।
















