ইসলাম টাইমস ডেস্ক : আজ প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষাগুলো হচ্ছে- অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)।
এরমধ্যে বেলা সাড়ে ১১টায় প্রথম সংবাদ সম্মেলনটি করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুর ১টায় অপর সংবাদ সম্মেলন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন।
চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।
অপরদিকে ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন ছাত্র-ছাত্রী ছিল।
















