ইসলাম টাইমস ডেস্ক: একদিকে অনাহার, অন্যদিকে তীব্র শীত। এই দু’য়ের সঙ্গে পেরে উঠছেন না খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। তবুও দাবি আদায়ে ছাড় দিতে নারাজ তারা। তাই শীত আর অনাহারকে দূরে ঠেলে দিনরাত অনশন করে চলছেন শ্রমিকরা। ইতোমধ্যে বিভিন্ন মিলের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অনেককেই স্যালাইন দেয়া হচ্ছে।
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে এ অনশন পালন করছেন শ্রমিকরা।
গত রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো মিলের উৎপাদন বন্ধ রেখে খালিশপুরের বিআইডিসি সড়ক, আটরা ও রাজঘাট এলাকার খুলনা-যশোর মহাসড়কে শ্রমিকরা এ অনশন পালন করেছেন। অনশনের জন্য স্ব-স্ব মিলের সামনের সড়কে প্যান্ডেল করে নিয়েছেন শ্রমিকরা।
এদিকে কনকনে শীতে সড়কের ওপর অবস্থান নিয়ে থাকায় বেশির ভাগ বয়স্ক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। দিন যত যাচ্ছে পাটকল শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার সংখ্যা বাড়ছে।
খালিশপুর জুট মিলের শ্রমিক আবেদ আলী (৫৬), কেসমত আলম, শেখ তাসলিমসহ অন্যান্যরা জানান, শ্রমিকদের দুর্দশা লাঘব করতে কেউ এখন এগিয়ে আসছে না। কিন্তু যখন ভোটের প্রয়োজন হয় তখন কিছু টাকা ছাড় করে ভোট আদায় করা হয়। এখন ভোট নেই, তাই শ্রমিকদের দাবি সব জায়গায় উপেক্ষিত হচ্ছে। নামে মাত্র বৈঠক দেখিয়ে দাবিগুলোকে অবহেলা করা হচ্ছে।
তারা বলেন, দাবি আদায় না হওয়া অবধি এখানেই থাকবো। মরলে এখানেই মরবো।
উল্লেখ্য, শ্রমিকদের দাবি নিয়ে গত ১৫, ২২ ও ২৬ ডিসেম্বর তিন দফা বৈঠক হলেও তাতে কোনো সুফল আসেনি। সর্বশেষ ২৬ ডিসেম্বরের বৈঠকে মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন ২৯ ডিসেম্বর দুপুর থেকে আবারও অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সেই অনুযায়ী শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করছেন।
















