ইসলাম টাইমস ডেস্ক: আদালতের রায়ের নির্দেশনা ‘বাস্তবায়নে’ নেমে পড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুবাদী যোগী আদিত্যনাথের সরকার। অযোধ্যায় মসজিদ গড়ার জন্য তিনটি এলাকার মোট পাঁচটি জায়গা বেছে ফেলেছে তারা। যে জায়গাগুলি বাছা হয়েছে সেগুলি রয়েছে মির্জাপুর, শামসুদ্দিনপুর ও চাঁদপুরে। প্রত্যেকটি জায়গাই ৫ একর জুড়ে।
আর এর সবকটি জায়গা্ই ২৭ বছর আগে যেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, বাবরি মসজিদের সেই জমি আর তার লাগোয়া ১৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরের।
উত্তরপ্রদেশ সরকার সূত্রে মঙ্গলবার এই খবর পাওয়া গিয়েছে।
মসজিদ নির্মাণের জন্য দ্রুত স্থান নির্বাচনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই জমির মাপও বলে দেওয়া হয়েছিল। পাঁচ একর। তারই প্রেক্ষিতে উত্তরপ্রদেশ যোগী সরকারের এই পদক্ষেপ।
সরকারি সূত্রটি এ-ও জানিয়েছে, যে জায়গাগুলি বাছা হয়েছে, সেগুলি এ বার দেখানো হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। যোগীর বাছাই করা জায়গাগুলির মধ্য থেকেই মসজিদ গড়ার জন্য পছন্দের জায়গা বেছে নেওয়ার কথা সুন্নি ওয়াকফ বোর্ডের।
















