এসি থেকে আগুন, বাড্ডায় তরুণের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে তা থেকে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।  রাজধানীর বাড্ডায় নিজের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪)। তিনি সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। পিয়াস সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের সাবেক রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি। বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত।

স্বপ্নিলের খালা সুমাইয়া রহমান জানান, স্বপ্নিলরা বাড্ডার আফতাবনগরে ১০ তলা একটি ভবনের ১০ম তলায় থাকেন। আজ সকালে স্বপ্নিল একাই ঘরে ছিলেন। ভোর ৬টার দিকে আগুন লাগে। সকাল ৭টার দিকে স্বপ্নিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বপ্নিলের বাবাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে তা থেকে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে সাধারণত এখনকার দিনে স্প্লিট এসি আবাসিক বাড়িতে এবং অফিস কিংবা হাসপাতালে উইন্ডো এসি-র ব্যবহার হয়। স্প্লিট এসির ক্ষেত্রে কুলিং ইউনিট থাকে বাইরে। উইন্ডো যন্ত্রটি কিছুটা ঘরের ভিতর এবং কিছু বাইরে থাকে। অনেক ক্ষণ ব্যবহারে যে কোনও যন্ত্রই গরম হয়। নিয়মিত সাফাইয়ের অভাবে যন্ত্রের ভিতরে ধুলো জমে যায়। যা আগুন লাগার জন্য সহায়ক বলেই দমকলকর্মীরা মনে করেন।

পূর্ববর্তি সংবাদসকাল সকাল ঘুমা থেকে ওঠার উপকারিতা
পরবর্তি সংবাদ লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান উল্টে খাদে, ৩ শ্রমিক নিহত