ইসলাম টাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের রাজধানীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরির অভিযোগে গৃহকর্মীর বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সন্দেহভাজন চোরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চুরির অভিযোগ এনে লোটাস কামাল গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গেল বছরের ১৩ ডিসেম্বর ওই ঘটনা ঘটলেও এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম বললেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত। তার মোবাইল বন্ধ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত বছরের ২৫ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম (৪৫)। তিনি সর্বক্ষণ বাসায় থাকতেন।
১৩ ডিসেম্বর সকাল ১০টায় কাশমিরী কামালের (মন্ত্রীর স্ত্রী) বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান ওই গৃহকর্মী। পরে ওইদিন বেলা ১১টা নাগাদ গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন কাশমিরী কামাল। কিন্তু সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।’
















