ইসলাম টাইমস ডেস্ক: শ্রমিকদের আন্দোলনে এবার মাঠে নামল তাদের সন্তানেরা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে পাটকল শ্রমিকরা। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। কিন্তু কোনো সমাধান না আসায় এবার দাবি আদায়ে বাবাদের সমর্থনে মাঠে নামলো তাদের সন্তান। আজ সকালে রাস্তায় নেমে মিছিল করে তারা।
এ সময় তারা ‘আমি শ্রমিকের সন্তান, আমার বাবা না খেয়ে মরতে বসেছে, আমার বাবাকে বাঁচাও’, পাট শিল্প ধ্বংস হলে সোনার বাংলা ধ্বংস হবে’ ইত্যাদি স্লোগান দেয়।
প্লাটিনাম জুট মিলের শ্রমিক আলতাফ হোসেনের ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলে তসলিম হোসেন বলে, আমার বাবা দাবি আদায়ে অনশন করছে। পাঁচদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের ঘরেও তেমন কিছু নেই। গতকাল সবাই বই উৎসব করেছে। কিন্তু আমি তা করতে পারিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের উল্লেখযোগ্য পাটকল খুলনায়। খুলনার সাতটি পাটকলে প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। প্রতিটি পাটকলেই শ্রমিকদের মজুরি ৮ থেকে ১০ সপ্তাহ বকেয়া পড়েছে। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতিতে তাদের জীবনযাপন সংকটাপন্ন হয়ে পড়েছে।
















