সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ: ব্যারিস্টার মওদুদ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, রাজনৈতিক সংকট অনেক আগে থেকেই ছিল। কিন্তু ২০১৯ সালে এসে সেই সংকট আরও ঘনীভূত হয়েছে। সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ। ২০১৯ সালে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

শুক্রবার ৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং খালেদা জিয়ার জামিন প্রতিহিংসার বিচারে অবরুদ্ধ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সিটি নির্বাচন গণতন্ত্রের প্রহসন উল্লেখ করে তিনি বলেন, এই সিটি নির্বাচন লোক দেখানো। একদিকে ভয়-ভীতি গ্রেপ্তার আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনী প্রচারণা চলছে। এই নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া কিছু নয়।

তিনি বলেন, এই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করছি। কারণ, আমরা জনগণের একটি রাজনৈতিক দল। আমরা মনে করি, যদি দেশের মানুষ ভোট দিতে পারে এই সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করবে। কিন্তু সেটা তারা করতে দেবেনা, এটা আমরা জানি। গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছে এই দেশে, এটা সরকার এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করবে।

বৃহস্পতিবার বিএনপির এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, সিটি নির্বাচন উপলক্ষে একদিকে গ্রেপ্তার আতঙ্ক চলছে, অন্যদিকে নির্বাচনের প্রচারণা চলছে। ‘হইচই হবে, মিছিল হবে, নির্বাচনের দুই দিন আগে দেখবেন সব ঠান্ডা। গ্রেপ্তার চলছে, গতকালও (বৃহস্পতিবার) আমাদের একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, সরকার নতজানু হয়ে গেছে। ‘বিজিবির ডিজি বললেন, অনুপ্রবেশকারীরা সব বাংলাদেশী।’ ভারত সরকারের নাগরিক অধিকার আইনে সবচাইতে বড় ভিকটিম হবে বাংলাদেশের মুসলমানরা। যারা বহু বছর আগে যারা ভারতে চলে গেছেন, ভারতের নাগরিক হয়েছেন, ভোটার হয়েছেন, ভোট দিয়েছেন, আজকে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে।

এই সরকার এত নতজানু হয়েছে যে, তারা সেটা গ্রহণ করে নিচ্ছেন। প্রতিবাদ করা তো দূরের কথা, তারা এটাকে গ্রহণ করে নিচ্ছেন। এর থেকে লজ্জার কথা বাংলাদেশের মানুষের জন্য আর কিছু হতে পারে না। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিয়েছেন।।

পূর্ববর্তি সংবাদআ. লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআসামে নির্মাণ হচ্ছে সবচেয়ে বড় বন্দিশিবির, আতঙ্কিত মুসলিমরা