ইসলাম টাইমস ডেস্ক: ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসকে হত্যায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি বলেন, মার্কিন আগ্রাসন আবারও বড় কোনো বিপর্যয়ের হুমকি স্বরূপ।
এক বিবৃতিতে তিনি বলেন, একজন ইরাকি সামরিক কমান্ডারকে হত্যা ইরাকি সরকার ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন। এতে ইরাকি মাটিতে মার্কিন সেনা উপস্থিতির শর্তের গর্হিত লঙ্ঘন ঘটেছে বলেও জানান ইরাকি প্রধানমন্ত্রী।
ইরাকি কমান্ডার মুহান্দিস ছিলেন আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবির উপপ্রধান।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে যারা হত্যা করেছে, সেই অপরাধীদের জন্য ভয়াবহ প্রতিশোধ অপেক্ষা করছে।
তার মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
















