ইসলাম টাইমস ডেস্ক: হিন্দুত্ববাদের প্রধান দুই প্রবক্তা, মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসে ও হিন্দু মহাসভার প্রবক্তা ভিডি সাভারকারের মধ্যে ‘শারীরিক সম্পর্ক’ ছিল বলে দাবি করা হয়েছে কংগ্রেসের এক সংস্থা, সেবা দল প্রচারিত একটি বুকলেটে। ভোপালে একটি দশদিনের প্রশিক্ষণ কর্মশালায় বুকলেটটি বিতরণ করা হয়। ইতোমধ্যেই এটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। খবর এনডিটিভি-র।
বুকলেটে দাবি করা হয়েছে, ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা বই ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ থেকে এই তথ্য নেওয়া হয়েছে। ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ বই থেকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নাথুরাম গডসে ব্রাহ্মচর্য গ্রহণ করার আগে একবারই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর একমাত্র শারীরিক সম্পর্কটি ছিল নিজের রাজনৈতিক গুরু বীর সাভারকারের সঙ্গে। এর পাশাপাশি স্বাধীনতার সময়ে দেশভাগের জন্যও সাভারকারকে দায়ী করা হয়েছে ওই বুকলেটে।
সংবাদ সংস্থা এএনআইকে সেবা দলের প্রধান লালজি দেশাই বলেছেন, ‘বুকলেটে বর্ণিত তথ্য ঐতিহাসিক তথ্য। বিজেপি যাদের হিরো হিসেবে বর্ণনা করে তাদের স্বরূপ মানুষের জানা দরকার। লেখক প্রমাণের ভিত্তিতে এটি লিখেছেন। তিনি সমকামী ছিলেন কি ছিলেন না এটা গুরুত্বপূর্ণ নয়। আজ আমাদের দেশে প্রত্যেক আইনি অধিকার রয়েছে নিজেদের পছন্দ বেছে নেওয়ার।’
বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল সাভারকারকে অবমাননা করার অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, যে দল তথ্য বিকৃত করে তাদের থেকে সার্টিফিকেট চায় না আরএসএস। কংগ্রেস সাভারকারকে মুসলিম-বিরোধী হিসেবে দেখাতে চায়। অথচ সাভারকার একজন দেশভক্ত ছিলেন। কংগ্রেস একজন দেশভক্তের চরিত্র হনন করছে। কংগ্রেস কখনওই স্বাধীনতা সংগ্রামীদের পছন্দ করে না।
উল্লেখ্য, ওই বুকলেট ছাড়াও দ্বিতীয় একটি বুকলেট রয়েছে, যেখানে আরএসএস ও বিজেপি প্রসঙ্গে কথা বলা হয়েছে। দ্বিতীয় বুকলেটের নাম ‘আরএসএস অউর বিজেপি, কুছ তথ্য অউর জানকারি’। এতে কংগ্রেস দাবি করেছে, আরএসএস অ্যাডলফ হিটলার ও মুসোলিনিকে শ্রদ্ধা করত।
















