ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় ঢাবির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করতে গিয়ে ছাত্রীটির বই-ঘড়ি-ইনহেলার পেয়েছে র্যাব ও ডিবি। এগুলো ঝোপের মধ্যে পড়ে ছিল।
সোমবার (৬ জানুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিয়ে র্যাবের এক সদস্য বলেন, ঝোপের মধ্য থেকে ইউনিভার্সিটির বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটিই ঘটনাস্থল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানানো হবে।
এ দিকে, ডিবির একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। এ ঘটনায় ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায়।
এর আগে রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরলে অজ্ঞান হয়ে যান তিনি। পরে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে ধর্ষণ করা হয়।
ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। এরপর ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় গিয়ে বিষয়টি তাদের জানান। পরে তার সহপাঠীরা রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান।
















