পরোয়ানা জারি: ভারতে নির্ভয়ার ধর্ষক ও খুনিদের ফাঁসি ২২ জানুয়ারি সকাল ৭ টায়

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে নির্ভয়া নামের এক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের ফাঁসি হচ্ছে আগামী ২২ জানুয়ারি সকাল ৭ টায়।দিল্লির পাতিয়ালা হাউসকোর্ট এমন পরোয়ানা জারি করে। সাত বছর ধরে বিচার শেষে নির্ভয়াকাণ্ডে দোষীদের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি হলো। দোষী যে চারজনকে ফাঁসিতে ঝোলানো হবে তারা হলো- পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংহ।
আজ তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সঙ্গে কথা বলেন ওই চারজন। তাদের বক্তব্য শোনার পর বিকেল ৫টা নাগাদ রায় দেন বিচারক। তবে দোষীরা চাইলে রায় সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবেন। ক্ষমাভিক্ষাও চাইতে পারেন।

দোষীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ এগিয়ে আনতে পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছিল নির্ভয়ার পরিবার। তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন নির্ভয়ার মা-বাবা।

নির্ভয়ার মা আশা বলেন, এই রায়ে আইন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরবে। আমার মেয়ে সুবিচার পাবে। সুবিচার পাবে ভারতের সমস্ত মেয়ে।

নির্ভয়ার বাবা বদ্রীনাথ বলেন, আদালতের রায়ে খুশি আমি। ২২ জানুয়ারি সকাল ৭টায় দোষীদের ফাঁসি হবে। এ ধরনের অপরাধ যারা ঘটায়, এই রায় তাদের মনে ভয় ধরাবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করে ছয়জন দুষ্কৃতিকারী। নির্ভয়া এবং তার বন্ধু অবীন্দ্র প্রতাপের ওপর নৃশংস অত্যাচার চালায় তারা।

সেই মামলায় আগেই ওই চার জনকে ফাঁসির সাজা শুনিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে সেই রায় পুনর্বিবেচনা করে দেখতে আদালতে আবেদন জানানো হয়। গত মাসে সেই আবেদন খারিজ হয়ে যায়।

পূর্ববর্তি সংবাদঅতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদমৃত ব্যক্তির নামে কুরআন খতমের ছওয়াব কি ইমামের মাধ্যমে বখশানো জরুরি?