ইসলাম টাইমস ডেস্ক: ক্ষমতাসীন বিজেপি সাংসদের হুমকির জবাবে সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আমি শহীদ হতে প্রস্তুত।’ রোববার ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওরা আমাকে হত্যা করতে চায়। আমি শহীদ হতে প্রস্তুত। শহরে আমি একা ঘোরাফেরা করি। সাহস থাকলে শহরে এসে আমাকে হত্যা করো।’
সিএএ, এনআরসির বিরোধিতা করায় আসাদউদ্দিন ওয়াইসিকে হুমকি দিয়ে সম্প্রতি বিজেপির সাংসদ ধরমপুরি অরবিন্দ বলেন, ‘ক্রেনে উল্টো করে ঝুলিয়ে দাড়ি কেটে দেব, এরপর সেই দাড়ি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর গালে লাগিয়ে দেব।’
এদিকে গত শুক্রবার মুসলিমদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে কর্ণাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি বলেন, ভারতে জনসংখ্যার ৮০ ভাগই হিন্দু। মাত্র ১৫ শতাংশ হচ্ছে মুসলমান। যদি সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ পথে নামে, তাহলে সংখ্যালঘুদের খুঁজে পাওয়া যাবে না।
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বিজেপির এই বিধায়ক বলেন, উত্তরপ্রদেশের দেখানো পথে যদি কর্ণাটকেও সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। বিক্ষোভে নেমে গুলিতে কারো মৃত্যু হলে প্রশাসন দায় নেবে না।
















