ইসলাম টাইমস ডেস্ক: ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানির জানাজা তার নিজ শহর কেরমানে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ জানাজার সময় পদদলিত হয়ে নিহত হয়েছেন ৩৫ জন এবং এ সময় আহত হয়েছেন আরো ৪৮ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেরমানে দেশটির জনপ্রিয় এই জেনারেলের জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। সেখানেই মানুষের ভীড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
এর আগে সোমবার সকালে জেনারেল সোলেইমানির লাশ ইনকিলাব চত্বরে পৌঁছানো হয়। পরে তার লাশ তেহরান বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এই জেনারেলের জানাজায় নেতৃত্ব দেন।
উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের স্থপতি হিসেবে পরিচিত কুদস ফোর্সের শীর্ষ এই জেনারেলকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।
















