ইসলাম টাইমস ডেস্ক: হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (৮জানুয়ারি) বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা আনাস মাদানী।
আনাস মাদানী জানান, হজমজনিত সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফি। বুধবার সকাল থেকে পাতলা পায়খানার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।
প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
















