সিআইএ, র সহ বৈদেশিক গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ ঠেকাতে নেপালের পার্লামেন্টে নতুন বিল

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’ ও ‘র’ সহ বৈদেশিক গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ ঠেকাতে নেপালের পার্লামেন্টে নতুন বিল উপস্থাপন করা হয়েছে।

‘নেপাল স্পেশাল সার্ভিস বিল ২০১৯’ নামে এই নতুন আইনের কথা জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের সদস্য রাম নারায়ণ বিদারি।

বিলে বলা হয়, গুপ্তচরবৃত্তি, নাশকতা ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। এছাড়া দেশের জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বিলের ১০ নম্বর অনুচ্ছেদে বলা হয়, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে কিছু সন্দেহজনক হলে তার অডিও বা অডিও আলাপচারিতা নজরদারির আওতায় আনা যাবে।

শাসক দল নেপাল কম্যুনিস্ট পার্টির আইনপ্রণেতা বিদারি বলেন, ‘নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে সিআইএ ও র’র মতো বৈদেশিক গোয়েন্দা সংস্থাগুলো। তাদের কার্যক্রম নিয়ন্ত্রণে আনা উচিত। আমি বিশ্বাস করি, এই বিল প্রণীত হলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের অযাচিত হস্তক্ষেপ কমবে।’ এ খবর দিয়েছে নেপালের পত্রিকা মাই রিপাবলিকা। রাম নারায়ণ বিদারি আরও বলেন, এই দেশে সিআইএ ও ‘র’ যেসব গোপন মিশন বাস্তবায়ন করে, সে বিষয়ে তথ্য জানা থাকতে হবে নেপালি সরকারের। তিনি বলেন, এজন্য প্রয়োজনে বিদেশী গোয়েন্দা সংস্থার সদস্যদের ফোনকলে আড়ি পাতা উচিত সরকারের।

তবে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এই বিল নিয়ে আপত্তি জানিয়েছে। বিরোধী দল কংগ্রেস অবশ্য যুক্তি দেখিয়েছে যে, এই বিল দেশের সংবিধান ও স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ডের চেতনা বিরোধী।

পূর্ববর্তি সংবাদইরানে ইউক্রেনের বিধ্বস্ত উড়োজাহাজের ১৮০ আরোহীর সবাই নিহত
পরবর্তি সংবাদযেভাবে গ্রেপ্তার হয় ‘ধর্ষক’ মজনু