ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ এবং নতুন বছরের প্রথম অধিবেশন বসছে আগামীকাল ৯ জানুয়ারি বৃহস্পতিবার।
বিকাল ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে।
এরপর অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করবেন।
প্রতিবারের মতো এবারও মন্ত্রিসভার ঠিক করে দেওয়া ভাষণের সংক্ষিপ্তসার পড়বেন রাষ্ট্রপতি। সাধারণত বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন এরকম ঘটলেও এবার কিছুটা ব্যতিক্রম হবে।
সংসদ সচিবালয়ের আইন শাখার উপপরিচালক নাজমুল হক বলেন, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে এরপরের সংসদের প্রথম বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়। গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলী সরকারের মৃত্যুতে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ হবে।
বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে অংশ নেবেন।
















