ইসলাম টাইমস ডেস্ক: ফজরের পরের আম বয়ানের মাধ্যমে শুরু হল ৫৫ তম বার্ষিক বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। পূর্ব মাশওয়ারা অনুযায়ী ফজরের পরের আম বয়ান করছেন রাইব্যান্ডের মাওলানা উবাইদুল্লাহ খুরশীদ।
আজ ১০ জানুয়ারি শুক্রবার থেকে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও গতকাল সকাল থেকেই চলছে ময়দানের ধারাবাহিক আমল। গতকালই ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। মাঠে ছিল না তিল ধারণের স্থান।
এবারের ইজতেমায় অন্যবছরের তুলনায় এমনিতেই ১৭ টি খিত্তা বাড়ানো হয়েছিল। তবে আগত মুসুল্লিদের সংখ্যা আরও বেশি হওয়ায় তাদেরকে এখন রাস্তায় অবস্থান করতে হচ্ছে। রাস্তায় মাইকেরও ব্যবস্থা করা হয়েছে। আশেপাশের মসজিদ-মাদরাসা ও অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মুসুল্লিদের অবস্থানের জন্য ব্যবস্থা করা হয়েছে।
এদিকে এ বছরের ইজতেমায় প্রচুর পরিমাণে বিদেশি মেহমান ইতোমধ্যে দেশে পৌঁছেছেন। এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত তাদের বহন করতে নির্ধারিত গাড়ি ছাড়াও অতিরিক্ত বাস রিজার্ভ করতে হচ্ছে।
এদিকে গতকাল মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও আজ পরিস্থিতি পূর্ণ অনকূলে আছে বলে জানা গেছে। ভিড়ের কারণে কাউকে ফিরে না যাওয়ার জন্য মুরুব্বিদের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে এবং ইজতেমার পূর্ণ কামিয়াবির জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয়েছে।
















