আলমী শূরার সাথীদের ইজতেমা: জোরালো হচ্ছে দুই পর্বে করার আবেদন

তারিক মুজিব ।।

চলছে তাবলীগ জামাতের ৫৫ তম বিশ্ব ইজতেমা। সাম্প্রতিক বছরগুলোতে এ বছরের মতো এতো লোক ইজতেমায় জমায়েত হয়নি বলে উপস্থিত লোকদের সাথে কথা বলে জানা গেছে। আলমী শূরার সাথীদের এবছরের ইজতেমায় ব্যাপক লোক সমাগম হতে পারে ধারণা করে আগে থেকেই ১৭ টি খিত্তা বাড়ানো হয়েছিলো। বাটা, যমুনা ও হুন্ডার মাঠে, তুরাগ নদীর ওপাড়ে লোকজনের অবস্থানের জন্য ব্যবস্থা করা হয়েছিল।

অবশ্য লোক সমাগম ধারণার চেয়েও বেশি হওয়ায় এবার অনেক সাথীকে রাস্তায় অবস্থান করতে হচ্ছে। এয়ারপোর্ট থেকে জয়দপুর পর্যন্ত রাস্তায় মাইকের ব্যবস্থা করা হয়েছে। আশেপাশের মাদরাসা মসজিদসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠান ইজতেমায় আগত মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে লোক সসাগম বেশি হওয়ায় সাথীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানির জন্য হাহাকার পড়ে গেছে পুরো মাঠ জুড়ে। প্রাকৃতিক প্রয়োজন পূরণের ব্যবস্থা অপ্রতুল হওয়ায় সেখানেও ভোগান্তির শেষ নেই। আজ কেবল ইজতেমার প্রথমদিন। বিভিন্ন জেলা থেকে আরও অনেক মানুষ আসছে।

জুমাবার বাদ মাগরিবের বয়ান: তাবলীগের মাকসাদের কথা স্মরণ করালেন মুরব্বি আহমদ লাট

ভিড়ের কারণে চিন্তিত হয়ে অনেক মানুষ আসার ইচ্ছা থাকলেও এ বছরের ইজতেমায় শরীক হতে পারেননি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কেউ কেউ চাপ সহ্য করতে না পেরে মাঠ থেকে ফিরে গেছেন বলেও খবর পাওয়া গেছে।

উপস্থিত অনেক মুসল্লির সাথে কথা বলে জানা গেছে, তাদের মনোভাব হলো, আলমী শূরার সাথীদের ইজতেমা ২ পর্বে হলে সবার জন্য আসান হবে। পানির সঙ্কট কমে আসবে। অবস্থানের বাড়তি কষ্টটাও আর থাকবে না বলে তারা মনে করেন।

এ অবস্থায় অনেকেই জোরালো আবদার করছেন, আগামী বছর থেকে যেন আলমী শূরার সাথীদের ইজতেমা দুই পর্বে আয়োজন করা হয়। তাবলীগের দায়িত্বশীল মুরুব্বীরা যেন এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণ করেন এবং প্রশাসনের দায়িত্বশীলরা যেন এবিষয়ে মনোযোগ দেন,বিভিন্নজনের সাথে কথা বলে তাদের এ মনোভাব জানা গেছে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর সীমান্তে আবারও গুলাগুলি, পাক সেনাদের গুলিতে ২ ভারতীয় জওয়ান নিহত
পরবর্তি সংবাদচাঁদপুরেও আ. লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত